প্রতিযোগিতায় টিকতে না পেরে ৮৪ বছরের ক্যামেরা বিক্রি বন্ধ অলিম্পাসের

আপডেট : ২৫ জুন ২০২০, ০২:৫৮ পিএম

এক সময়কার বিশ্ব বিখ্যাত ক্যামেরা ব্রান্ড অলিম্পাস তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। দীর্ঘ ৮৪ বছর ধরে তারা ক্যামেরা বিক্রি করে আসছিলেন। বিবিসির খবর।

অলিম্পাস জানিয়েছে, ডিজিটাল মার্কেটের সঙ্গে পাল্লা দিয়ে তারা লাভের মুখ দেখছিলেন না। গত তিন বছর লোকসান দিতে হয়েছে।

এ ছাড়া স্মার্টফোনের কারণে শুধু ক্যামেরার জন্য আলাদা বাজার এখন সংকুচিত হয়ে গেছে। এটিকেও বড় একটি কারণ বলল জাপানি কোম্পানিটি।

যুগের পর যুগ ক্যামেরায় নতুনত্ব এনে ভোক্তাদের তাক লাগিয়ে দিত অলিম্পাস। এক সময় শেয়ার মার্কেটে প্রথম সারির কয়েকটা কোম্পানির একটি ছিল ক্যামেরা ব্রান্ডটি।

পেছনে ফিরে তাকালে অলিম্পাসের জন্য বিপুল ভালোবাসা কাজ করে, এমনটাই বলছিলেন অ্যামেচার ফটোগ্রাফার ম্যাগাজিনের সম্পাদক নাইজেল অ্যাথার্টন।

সত্তরের দশকে ক্যামেরা ব্রান্ডটির জনপ্রিয়তা তুঙ্গে ছিল। সেসময় বিখ্যাত সব ফটোগ্রাফাররা অলিম্পাসের টিভি বিজ্ঞাপনের মডেল হতেন।

অ্যাথার্টন বলেন, তাদের ক্যামেরাগুলো বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। সেগুলো ছিল খুবই ছোট, বেশ হালকা পাতলা এবং খুব সুন্দর ডিজাইন। বেশ ভাল মানের লেন্সও ছিল সেগুলোর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত