সরকারের ভুল থাকলে বিএনপিকে ধরিয়ে দিতে বললেন কাদের

আপডেট : ২৭ জুন ২০২০, ০৬:২৪ এএম

কাদা ছোড়াছুড়ি না করে উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কোনো ভুল থাকলে তা বিএনপিকে ধরিয়ে দিতে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এখন কোনো রাজনীতির সময় নয়, একটাই রাজনীতি সংক্রমণ রোধ ও মানুষকে বাঁচানো। কাজেই চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার বন্ধ করে সংকট সমাধানে কোনো পরামর্শ থাকলে দিন।’ গতকাল শুক্রবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি করোনা সংকটের শুরু থেকেই দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে সরকারের সমালোচনাকে নিজেদের রাজনৈতিক কৌশল কিংবা দর্শন হিসেবে বেছে নিয়েছে। এতে বিএনপির আদৌ জনসমর্থন বেড়েছে কি? শেখ হাসিনা সরকার শুরু থেকেই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে সংক্রমণ রোধ, চিকিৎসা নেটওয়ার্ক সম্প্রসারণ, সুরক্ষাসামগ্রী সংগ্রহসহ অসহায় কর্মহীন মানুষের সুরক্ষায় কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, আমাদের করোনা মোকাবিলায় কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। আমি তাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য এমনকি আমাদের প্রতিবেশী ভারত, চীন যাদের প্রথম কোনো সংক্রমণ হয়েছিল, একটি দেশেরও কি তিনি উদাহরণ দিতে পারবেন যে তাদের করোনা মোকাবিলার পূর্বপ্রস্তুতি ছিল? একটি দেশেরও কি নাম বলতে পারবেন, তাদের চিকিৎসাসামগ্রী, হাসপাতাল ব্যবস্থাপনার সীমাবদ্ধতা ছিল না? শুধু সমালোচনা করতে হবে বলেই আপনারা অনবরত জাতিকে অসত্য তথ্য দিয়ে যাবেন!’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি অভিযোগ করেছে, সরকার নাকি তথ্য গোপন করছে। প্রযুক্তি আর সামাজিক যোগাযোগের উন্মুক্ত প্রবাহের কালে তথ্য গোপনের কোনো সুযোগ আছে কি? সরকারের সেই ইচ্ছাও নেই। সরকারের নানান সীমাবদ্ধতা আছে। সেসব সীমাবদ্ধতা কাটিয়ে শেখ হাসিনা সরকার ক্রমশ সক্ষমতা অর্জনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত দেশে সোয়া এক লাখ মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে আল্লাহর রহমতে ৫০ হাজারের বেশি সুস্থ হয়েছে। সংখ্যাগত হিসাবে এটিও কম নয়।’

তিনি বলেন, ‘চিকিৎসক-নার্স-টেকনিশিয়ানসহ ফ্রন্টলাইনে পুলিশ-সেনাবাহিনী-জনপ্রশাসন জীবনবাজি রেখে কাজ করছে। সেবা দিতে গিয়ে প্রাণ হারাচ্ছে। কই বিএনপি তো তাদের ধন্যবাদ দিয়ে কথা বলে না। তাদের মনোবল যাতে ভেঙে না যায় তা নিয়ে বক্তব্য রাখে না। ৫০ হাজার মানুষ সুস্থ হয়েছে, সেটা বিএনপি দেখে না। নেতিবাচকতা তাদের এতই গ্রাস করেছে যে, তারা দিনের আলোতেও রাতের আঁধার দেখতে পায়।’

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা এ সংকটে দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছি। এই অসময়ে জনগণ কাদা ছোড়াছুড়ি চায় না, এটা মানুষ পছন্দ করে না। অথচ এমন আজগুবি তথ্য তারা দেয় তার জবাব না দিয়ে পারা যায় না। আমরা তাদের উসকানিমূলক এবং জনবিরোধী অপালাপে অংশ নিতে চাই না। সরকার সব সময় সকল দলের সহযোগিতা চেয়ে আসছে। যেকোনো গঠনমূলক পরামর্শ কিংবা ভুল ধরিয়ে দিলে সেটা গ্রহণ করার সৎসাহস শেখ হাসিনা সরকারের আছে। বৈশ্বিক এ মহামারী ফেস করতে প্রতিটি দেশই হিমশিম খাচ্ছে, সরকারও বসে নেই। এই সমস্যা থেকে উত্তরণের কোনো সাজেশন তো বিএনপি রাখছে না, শুধু অন্ধ সমালোচনাকে রুটিন ওয়ার্ক হিসেবে বেছে নিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত