গীতিকার নাইম গওহরের পরিবারকে আবারও প্রধানমন্ত্রীর অনুদান

আপডেট : ২৭ জুন ২০২০, ০৬:৩৫ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকার প্রয়াত নাইম গওহরের পরিবারের প্রতি আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি তার পরিবারের সদস্যদের পাঁচ লাখ টাকার অনুদান প্রদান করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল শুক্রবার বলেন, ‘প্রধানমন্ত্রী পরিবারটিকে একটি প্লট অথবা ফ্ল্যাট প্রদানের জন্যও সংশ্লিষ্ট মহলকে নির্দেশনা প্রদান করেন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী গতকাল তার কর্মকর্তাদের মাধ্যমে অনুদানের পাঁচ লাখ টাকা নাইম গওহরের অসুস্থ স্ত্রী রাজিয়া গওহরের উত্তরার বাড়িতে পাঠিয়ে দেন।’

প্রেস সচিব বলেন, ২০১৬ সালেও নাইম গওহরের পরিবারকে অনুদান হিসেবে প্রধানমন্ত্রী ২৫ লাখ টাকা প্রদান করেছিলেন এবং তখনও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে তাঁদের জন্য একটি ফ্ল্যাট অথবা প্লট বরাদ্দের নির্দেশ দেন।

কিন্তু নানা জটিলতার কারণে পরিবারটি এখনো ফ্ল্যাট বা প্লট কোনো কিছুই পায়নি। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হলে তিনি তৎক্ষণাৎ গওহরের পরিবারকে পাঁচ লাখ টাকা প্রদান করেন এবং একই সঙ্গে তার পরিবারকে দ্রুততার সঙ্গে একটি প্লট অথবা ফ্ল্যাট হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন, বলেন প্রেস সচিব।

তিনি আরও বলেন, গওহর নাইমের কন্যা ইলোরা গওহর পুনরায় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি জানান, তার ৭৬ বছর বয়েসী মাতা এখন ক্যানসার এবং পারকিনসন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী।

নাইম গওহর ২০১৫ সালের ৭ অক্টোবর ৯৩ বছর বয়সে বার্ধক্যজনিত জটিলতায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাতেই তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়েছিল। এর আগে ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতাতেই তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ নাইম গওহর ২০১২ সালে দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত হন। মুক্তিযুদ্ধকালে তার রচিত অসংখ্য দেশাত্মবোধক গান সে সময়ের মুক্তিকামী দেশবাসীর মধ্যে সাহসের সঞ্চার করে। বাসস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত