করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহিদুজ্জামান সোনা মিয়া (৬৫) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। তিনি ভৈরবের চ-িবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা এবং পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিসহ নানা উপসর্গে ভূগছিলেন। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তার করোনাভাইরাসের পরীক্ষা করালে প্রতিবেদন পজিটিভ আসে। পরে গত সোমবার তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য ডা. বুলবুল আহমেদ জানান, শহিদুজ্জামান সোনা মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলে আমাদের পরামর্শ ও সহায়তায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।
অপরদিকে মাগুরা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে থাকা মুন্সী মিজানুর রহমান (৬৫) নামে একজনের গতকাল শুক্রবার সকালে মৃত্যু হয়েছে। তার বাড়ি শালিখা উপজেলার দেশমুখপাড়ায়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে শুক্রবার নতুন করে জেলায় সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, ঢাকার এক প্রেসের কর্মচারী মুন্সী মিজানুর রহমানের গত বুধবার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে। পরদিন বৃহস্পতিবার তিনি মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
