করোনা চিকিৎসায় ধনী-গরিবের ব্যবধান করবেন না : কাদের

আপডেট : ২৯ জুন ২০২০, ০৬:৩৮ এএম

করোনা চিকিৎসায় ধনী-গরিব ব্যবধান করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘করোনাভাইরাসের সংকটে হাসপাতালে চিকিৎসা দেওয়া নিয়ে ধনী-গরিবের ব্যবধান করলে গরিব মানুষ যাবে কোথায়? শেখ হাসিনার সরকার ধনী-গরিব, বিত্তবান-বিত্তহীন, ভিআইপি-নন-ভিআইপি চর্চাকে সমর্থন করে না।’ গতকাল রবিবার সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রোগীদের মধ্যে ব্যবধান তৈরি না করার জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়ে কাদের বলেন, অনেকে অভিযোগ করেছেন সমাজের উচ্চশ্রেণি তথা ভিআইপিরা হাসপাতালে সেবা পাচ্ছে, তাদের প্রতি মনোযোগ বেশি। তাহলে আমি প্রশ্ন রাখতে চাই, সাধারণ মানুষ যাবে কোথায়? সরকারি হাসপাতালে চিকিৎসাবিষয়ক সবাইকে অনুরোধ করব বাছবিচার নয়, ধনী-গরিব নয়, বিত্তবান-বিত্তহীন নয়, ভিআইপি-নন-ভিআইপি নয়, সব রোগী সমান। আপনারা রোগীকে রোগী হিসেবে দেখবেন, কোনো ব্যবধান তৈরি করবেন না। শেখ হাসিনা সরকার তথাকথিত ভিআইপি কালচারে বিশ্বাসী নয়। সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে।

রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস এমন এক সংক্রমণ যা কাছের মানুষকেও দূরে ঠেলে দেয়। মুহূর্তেই আপন মানুষ হয়ে যায় অচেনা, সন্তান বাবা-মাকে হাসপাতালে রেখে চলে যাচ্ছে, স্বামী স্ত্রীকে পথের পাশে রেখে চলে যাচ্ছে। আবার মৃত্যুর পর কেউ কাছে আসছে না, দাফনকাফনের দায়িত্ব নিচ্ছে পুলিশ। পুরোটা জীবন প্রিয়জনের জন্য করে শেষ বিদায় নিচ্ছেন প্রিয়জনদের স্পর্শহীনতায়। এমন এক দৃশ্য প্রতিনিয়ত আমরা গণমাধ্যমে দেখছি। কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, মৃত্যুর তিন ঘণ্টা পর মৃতদেহ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই। তাই বলব এ রোগ কোনো অভিশাপ নয়, নিজেকে সুরক্ষিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে দাফনকাফন কিংবা সৎকারে অংশ নিতে পারে আপনজনরা। রোগীর প্রতি সহানুভূতিশীল হোন, নিজেকে সুরক্ষিত রাখুন।

টেস্ট বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে ৬৬টি ল্যাবে এ টেস্ট করানো হচ্ছে। এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, ওষুধ কোম্পানিসহ ল্যাব সুবিধা আছে এমন প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগের আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, টেস্ট ক্যাপাসিটি বাড়ানো গেলে অর্থাৎ রোগী চিহ্নিত করা বাড়ানো গেলে সংক্রমণের রোধ সহজতর হবে। আমাদের এখন বেশি প্রয়োজন রোগী চিহ্নিত করা এবং তাদের আইসোলেট করা।

টেলিমেডিসিন সেবা বৃদ্ধির আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, অভিযোগ আছে এখনো রোগীরা হাসপাতালে ছোটাছুটি করতে করতে পথে প্রাণ হারাচ্ছে। আমি হাসপাতালগুলোতে ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধিতে স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। বিভিন্ন গণমাধ্যম ও গবেষণায় রিপোর্ট এসেছে, অনেক আক্রান্ত রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছে। যারা বাসাবাড়িতে থাকছে, তাদের চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধপত্র পেতে টেলিমেডিসিন সেবা তথা হটলাইন সেবা আরও বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।

বন্যায়কবলিত মানুষের পাশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, করোনাভাইরাসের সংকটের এ সময় দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দিয়েছে। আমি এ কঠিন সময়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত