করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কোনো রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাস্থ্য অধিদপ্তর গাইডলাইনও দিতে পারেনি। গোটা বাংলাদেশে কভিড-১৯ মোকাবিলা করার মতো কোনো রোডম্যাপ বা পরিকল্পনার সবটাই অনুপস্থিত এখানে। কয়েক দিন আগে চীনা বিশেষজ্ঞরা এসে ঠিক একই কথা বলেছেন যে বাংলাদেশে সবকিছু এলোমেলো। এখানে কোথায় রোগ আছে, সেটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তারা (সরকার) চিহ্নিত করতে পারছে না এবং সেটাকে চিহ্নিত করার জন্য কোনো ব্যবস্থা তাদের নেই।
গতকাল রবিবার দুপুরে ইন্টারনেটের মাধ্যমে উত্তরার বাসা থেকে জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দলের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে আমাদের দুর্ভাগ্যের কথা যে আমাদের সরকার প্রথম থেকে এই ভয়াবহ বৈর্শ্বিক মহামারীকে উপেক্ষা করেছে, অবহেলা করেছে। এটার পেছনে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল। করোনাভাইরাস মোকাবিলায় সরকারের দেওয়া প্রণোদনার প্যাকেজের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, সেটা মূলত ছিল ব্যাংকঋণ। এই মুহূর্তে মানবিক সহায়তায় সরকারের বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল।
এখানে কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে, লকডাউনের কারণে, সাধারণ ছুটির কারণে যারা কর্মহীন হয়ে পড়ছে অথবা যারা কাজ পাচ্ছে না, তাদের ন্যূনতম বেঁচে থাকার জন্য যে প্রয়োজন, সেই প্রয়োজনের টাকাও সরকার তাদের কাছে পৌঁছাতে পারেনি।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আড়াই হাজার টাকা করে ৫০ লাখ পরিবারকে দেওয়া অনুদানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটাও পুরোপুরি দলীয়করণ করার ফলে যাদের পাওয়া উচিত ছিল তারা পায়নি। সেটাও মাত্র এককালীন।
বিএনপি মহাসচিব বলেন, পার্লামেন্টে সরকার যে বাজেট দিয়েছে সেই বাজেটের ওপর আলোচনা হয়েছে মাত্র দুই-তিন দিন। বিএনপির যেসব সাংসদ রয়েছেন, তারা একটি ভার্চুয়াল সংসদ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেটিও করা হয়নি। বিরোধী দলের এমপিরা সংসদে বক্তব্য দিতে গেলে তাদের বাধা দেওয়া হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ খুব অসহায় হয়ে পড়েছে। তারা কোনো দিকনির্দেশনা খুঁজে পাচ্ছে না। সরকারের দুর্নীতির কারণে সারা দেশে কভিড-১৯ ছড়িয়ে পড়েছে; গ্রামে গ্রামে রোগী দেখা যাচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দলকে করোনাভাইরাস মোকাবিলায় এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী হোমিওপ্যাথি চিকিৎসক দলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের কর্মসূচি হয়। করোনাভাইরাসের উপসর্গ প্রশমনে ‘আর্সিনিক এলবাম-৩০’ ও ‘ব্রায়োনিয়া এলবাম-৩০’ ওষুধ কয়েক শ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
চিকিৎসক দলের সভাপতি ডা. আরিফুর রহমান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. শফিকুল আলম নাদিমের পরিচালনায় সহসভাপতি মশিউজ্জামান পান্নু, মজিবুল্লাহ মুজিব, সাংগঠনিক সম্পাদক এ কে এম জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
