শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) বিবেচনায় পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে শীর্ষ ৫-এ জায়গা করে নিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ। এছাড়া শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস বিবেচনায় তালিকাভুক্ত দেশীয় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন দ্বিতীয় অবস্থানে।
দেশের পুঁজিবাজারের ইতিহাসে সর্বোচ্চ শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) নিয়ে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওয়ালটন হাই-টেক। তালিকাভুক্ত কোম্পানিগুলোর ইপিএস বিবেচনায় শীর্ষ ৮-এ রয়েছে ওয়ালটন।
তালিকাভুক্ত কোম্পানিগুলোর গত অর্থবছরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, লিব্রা ইনফিউশনের এনএভির শীর্ষে রয়েছে। কোম্পানিটির শেয়ারপ্রতি এনএভি ১ হাজার ৫৯৩ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বাটা সুর এনএভি ৩৪৭ টাকা ১১ পয়সা, তৃতীয় লিনডে বিডির এনএভি ৩৩৫ টাকা ৭০ পয়সা। চতুর্থ অ্যাপেক্স ফুটওয়্যারের এনএভি ২৪৯ টাকা ৮৩ পয়সা। এরপরেই রয়েছে তালিকাভুক্তির পথে থাকা ওয়ালটন হাই-টেকের এনএভি ২৪৩ টাকা ১৬ পয়সা।
আর্থিক খাত বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে এনএভি খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কোম্পানির আর্থিক সক্ষমতা কতটা শক্তিশালী তা এনএভি দেখে বোঝা যায়।
