নাটোরে করোনা উপসর্গ নিয়ে লোকমান হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত লোকমান নাটোর সদর উপজেলার তেবাড়িয়ার মজনুর মোড় এলাকার মৃত সোলেমান প্রামাণিক এর ছেলে।
স্থানীয়রা জানান, লোকমান নারায়ণগঞ্জ চাকরি করতেন। অসুস্থ হওয়ার কারণে রবিবার রাতে লোকমান এবং তার ছেলে মামুন নারায়ণগঞ্জ থেকে বাড়িতে ফেরেন। তার সর্দি জ্বর এবং গলা ব্যথা ছিল। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রিকশাভ্যানের উপরেই লোকমান হোসেন মৃত্যুবরণ করেন। লোকমান হোসেন মারা যাওয়ার পর তার স্ত্রী এবং ছেলে বাসা থেকে পালিয়ে যান। বর্তমানে তার দুই মেয়ে সানজিদা ও নুরজাহান বাসায় আছেন। এলাকার লোকজন ধারণা করছেন লোকমান হোসেন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ও নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে স্বাস্থ্যকর্মী পাঠানো হয়। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্য বিধি অনুসারে দাফনের নির্দেশ দেওয়া হয়েছে।
