বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক ও সিপিবি নেতা কমরেড হায়দার আকবর খান রনো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। গতকাল সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রনো ভাই কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। গত শনিবার তার নমুনা নেওয়া হয়। সোমবার সকালে জানা গেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। এছাড়া তিনি আগে থেকেই সিওপিডিতে ভোগার কারণে তাকে সুস্থ অবস্থাতেও অক্সিজেন সহায়তা নিতে হয়। সকাল থেকে হায়দার আকবর খান রনোর শরীরে তাপমাত্রা ১০২- ১০৩ ডিগ্রি রয়েছে। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে হায়দার আকবর খান রনো করোনা আক্রান্ত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।
হায়দার আকবর খান রনোর জন্ম ১৯৪২ সালে। বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রবাদ পুরুষ। তিনি একাধারে জননেতা, তাত্ত্বিক ও লেখক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১৩টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র থাকাকালীন তিনি গোপনে কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট হন। ১৯৬২ সালের সামরিক শাসনবিরোধী আন্দোলনের মাধ্যমে তার সক্রিয় রাজনীতি শুরু। পরে তিনি পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তিনি অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮২-১৯৯০ এর সামরিক আন্দোলন ও ১৯৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও নেতা। বর্তমানে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
