বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করছে বলে জানিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিডব্লিউএবি)। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এবি ব্যাংক বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করে। গতকাল সোমবার বিডব্লিউএবি বিবৃতিতে এ তথ্য জানায়। ব্যাংকগুলোর এমন আচরণে উদ্বেগ জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সংগঠনের প্রেসিডেন্ট কাজী মো. শফিকুর রহমানের পাঠানো বিবৃতিতে বলা হয়, করোনা মহামারীর এ দুঃসময়ে সম্প্রতি দু-তিনটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক অমানবিক সিদ্ধান্ত নিয়ে তাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের (যারা ১৫-২০ বছর ধরে ব্যাংকে সেবা দিয়ে আসছেন) পদত্যাগপত্র জমা দিতে বাধ্য করছে। এ ধরনের পরিস্থিতির শিকার কয়েকজন ব্যাংক কর্মকর্তা তাদের অসহায়ত্বের কথা বিউব্লিউএবির কাছে জানিয়েছেন। এ কর্মকর্তারা তাদের দীর্ঘ কর্মজীবনে সেবা দিয়েছেন এবং ব্যাংকের বিকাশ ও উন্নয়নে ভূমিকা রেখেছেন। তাদের ধারণা ছিল, স্বাভাবিক নিয়মে তারা অবসর নেবেন। কিন্তু হঠাৎ এ ধরনের সিদ্ধান্তে তারা মর্মাহত এবং অসহায় হয়ে পড়েছেন। বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিকোণ এবং কর্মকর্তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও সেবার বিষয়টি বিবেচনা করে তাদের পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং কোনো কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
