কিছুদিন আগে শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে অভিযোগ করেন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল পাতানো ছিল। শ্রীলঙ্কা সরকার এনিয়ে তদন্ত শুরু করেছে।
সাবেক ক্রীড়ামন্ত্রী আলুথগামাগের অভিযোগ, ভারতের কাছে বিশ্বকাপ বিক্রি করেছে শ্রীলঙ্কা। তার এই অভিযোগে স্বাভাবিকভাবেই তোলপাড় শুরু হয় দেশটির ক্রিকেটে। সেই বিশ্বকাপে দলটির অধিনায়ক ছিলেন কুমার সাঙ্গাকারা। তিনি এই অভিযোগ উড়িয়ে দেন। আর বিশ্বকাপ ফাইনালের সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে তদন্ত দাবি করেন।
শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, বর্তমান ক্রীড়ামন্ত্রী দুলাস আলাহাপ্পেরুমা এনিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতি দুই সপ্তাহে তদন্তের অগ্রগতি সম্পর্কে প্রতিবেদনও চেয়েছেন তিনি।
মঙ্গলবার এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা পুলিশ এনিয়ে ফৌজদারি তদন্ত শুরু করেছে। লঙ্কান পুলিশের ইন্ডিপেনডেন্ট স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট এনিয়ে কাজ করবে। এএফপিকেও বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কা ক্রীড়া মন্ত্রণালয়ের সেক্রেটারি কে ডি এস রুয়ানচন্দ্র।
জুনের মাঝামাঝিতে একটি টিভি চ্যানেলকে মহিন্দানন্দ আলুথগামাগে বলেন, ‘২০১১ বিশ্বকাপ পাতানো ছিল। আমি এটি দায়িত্ব নিয়েই বলেছি, বিতর্ক তৈরি হলেও বলবো…। আমি কোনো ক্রিকেটারকে জড়িত করব না। তবে নির্দিষ্ট গ্রুপগুলো এই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল।’
তিনি আরো বলেন, ‘আমি যখন ক্রীড়ামন্ত্রী ছিলাম তখনই এটা হয়েছিল…। আমি দেশের স্বার্থে পুরো বিবরণ প্রকাশ করতে চাই না। ২০১১ সালে ভারতের বিপক্ষে ম্যাচটি আমরা জিততে পারতাম। কিন্তু ম্যাচের ফলাফল আগে থেকেই ঠিক করা ছিল।।’
২০১৭ সালে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল নিয়ে সন্দেহের কথা বলেছিলেন। ওয়াংখেড়ের সেই ফাইনালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ধারাভাষ্যকার হিসেবে ছিলেন।
