‘সবচেয়ে দামি’ টেস্ট খেলোয়াড় জাদেজা

আপডেট : ০২ জুলাই ২০২০, ০২:১০ এএম

টেস্টে ভারত বর্তমানে পেস নির্ভর বোলিং আক্রমণ রাখে। তাই নিকটঅতীতে সাদা পোশাকের দল থেকে প্রায়ই বাদ পড়েন স্পিনিং অলরাউন্ডার জাদেজা। কিন্তু ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালম্যানাক বলছে, একবিংশ শতাব্দীতে জাদেজাই ভারতের সবচেয়ে মূল্যবান টেস্ট খেলোয়াড়। ক্রিকেটের পারফরম্যান্স বিশ্লেষণ টুলস ক্রিকভিজ-এর জরিপ শেষে এই ঘোষণা দেয় উইজডেন।

ভারতের হয়ে টেস্ট ম্যাচে অতি উচ্চমাত্রায় অবদান রাখেন বলে এই গৌরব অর্জন করেছেন জাদেজা। বাঁহাতি স্পিনার হিসেবেই দলে জায়গা হয় তার। সঙ্গে ৬ নম্বর পজিশনে বা ব্যাটিং অর্ডারে তারও নিচে নেমে দুর্দান্ত সব ইনিংস খেলে ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দেন এই অলরাউন্ডার। ম্যাচ রিডিংয়ে অত্যন্ত পারদর্শী বলে সতীর্থরা তাকে ‘স্যার জাদেজা’ বলেই ডাকে। ক্রিকভিজের বিশ্লেষক ফ্রেডি উইলডের উদ্ধৃতি দিয়ে উইজডেন বলছে, ‘ভারতের টেস্ট দলে সেরা একাদশে জাদেজা অটোমেটিক চয়েজ নন। তবে যে ম্যাচেই তাকে খেলানো হয় সেরা দলের একজন অপরিহার্য সদস্য হিসেবেই খেলে থাকে। বাঁহাতি ফ্রন্টলাইন স্পিনার হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে ৬ নম্বরে যোগ্য ব্যাটসম্যান হিসেবে ম্যাচে দলের পক্ষে অতি উচ্চমাত্রায় অবদান রাখে জাদেজা।’

সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে জাদেজার রেটিং ৯৭.৩ পয়েন্ট। টেস্ট খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সেরা রেটিং এটি। শীর্ষে আছেন শ্রীলঙ্কান স্পিন লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন।

সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে জাদেজার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। কিন্তু এ দুই ইংলিশ তারকা বিদেশের চেয়ে নিজেদের মাঠে বেশি সফল। ভারত অলরাউন্ডার শুধু বিদেশের মাটিতেই নয়, এমন জায়গায় পারফরম করে দেখিয়েছেন যেসব ভেন্যুতে স্পিনারদের জন্য পিচে তেমন সুবিধা ছিল না। এছাড়া দেশের মাটিতে দ্রুত উইকেট এনে দেওয়া, টপঅর্ডারদের বিরুদ্ধে দারুণ কার্যকারিতার জন্য জাদেজার মূল্য আরও বেড়ে গেছে। ৪৯ টেস্টে ২১৩ উইকেট নেওয়া জাদেজা ভারতের হয়ে দ্বিতীয় বোলার হিসেবে দ্রুততম দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। রান করেছেন ১৮৬৯। ১৬৫ ওয়ানডেতে তার রান ২২৯৬, উইকেট ১৮৭। ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত