সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কাজী আকতার হামিদ করোনাভাইরাসে (কভিড- ১৯) আক্রান্ত হয়েছেন। তিনি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বোনজামাই।
বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বনানীর বাসায় আইসোলেশনে রয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে জানান ড. আকতার হামিদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’র (ল চেম্বার) সচিব তোফাজ্জল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘কয়েক দিন আগে স্যারের জ¦র আসে। এরপর করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেওয়া হলে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আমরা গত মঙ্গলবার (৩০ জুন) এ বিষয়টি জানতে পারি। তিনি বনানীর বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন সুস্থ আছেন। নিয়মিত খাওয়াদাওয়া করছেন।’
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে ২০১৫ সালের ডিসেম্বরে তালিকাভুক্ত হন ড. কাজী আকতার হামিদ।
