বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরেও টাকা পাঠানোর সেবা চালু করেছে বিকাশ। এ ক্ষেত্রে গ্রাহক বিকাশ অ্যাপ বা *২৪৭# ব্যবহার করে যেকোনো নম্বরে টাকা পাঠাতে পারবেন।
গতকাল বিজ্ঞপ্তিতে বিকাশ এ তথ্য জানিয়েছে। যে নম্বরে টাকা পাঠানো হবে সেই গ্রাহক টাকা পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে টাকা ক্যাশআউট করাসহ অন্যান্য সেবা ব্যবহার করতে পারবেন। কোনো কারণে গ্রহীতা ৭২ ঘণ্টার মধ্যে অ্যাকাউন্ট খুলতে না পারলে পাঠানো টাকা আবার প্রেরকের বিকাশ অ্যাকাউন্টে তিন কার্যদিবসের মধ্যে ফেরত চলে যাবে।
নতুন এ সেবা চালু উপলক্ষে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ। বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরে সেন্ডমানি সফল হলে প্রেরক বিকাশ গ্রাহক পেয়ে যাবেন ১৫ টাকা ক্যাশব্যাক। এভাবে এক মাসে সর্বোচ্চ ৫০০ টাকা পেতে পারেন একজন গ্রাহক। অ্যাপ বা ইউএসএসডি উভয় সেবার জন্যই অফারটি প্রযোজ্য হবে। এ অফার চলাকালে কোনো ফি ছাড়াই বিকাশ অ্যাকাউন্ট নেই এমন নম্বরে টাকা পাঠানো যাবে।
বিকাশ অ্যাপ ব্যবহার করে টাকা পাঠাতে হোম স্ক্রিন থেকে সেন্ডমানি অপশন নির্বাচন করতে হবে। মোবাইলের কন্টাক্ট লিস্ট থেকে নম্বর নির্বাচন করতে হবে অথবা টাইপ করে লিখতে হবে। এ সময় গ্রাহক একটি বাড়তি তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। এরপর টাকার অঙ্ক ও পিন দিয়ে টাকা পাঠাতে পারবেন।
