ভাতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স গ্রুপ জুমের মতো ভিডিও কনফারেন্স অ্যাপ আনার ঘোষণা দিয়েছেন। অ্যাপটির নাম জিওমিট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, জুম এবং গুগলমিটের মতো জিওমিটে (JioMeet) ব্যবহারকারীরা অনেক ফ্রি কল করতে পারবেন। ভিডিও কোয়ালিটিও হাই ডেফিনেশন (৭২০পি) রাখা হয়েছে।
জিওমিটে একসঙ্গে ১০০ জন ব্যবহারকারী কথা বলতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অবাক করার বিষয় হলো অন্য অ্যাপের মতো জিওমিটে কোনো টাইম লিমিট দেখা যায়নি!
এই প্রতিবেদন লেখার সময় অ্যাপটিতে কোনো পেইড প্লানও দেখা যায়নি। অদূর ভবিষ্যতে তারা পেইড সার্ভিস চালু করবে কি না, সে বিষয়ে কিছু বলা হয়নি।
মুকেশ ২০১০ সালে কাজ শুরু করেন ফোরজি ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপনের। প্রকল্প শুরুর সাত বছরে আড়াই ট্রিলিয়নের বেশি রুপি বিনিয়োগ করেন তিনি।
মাঝে তার হাত ধরে ২০১৬ সালে ভারতের বাজারে অভিষেক হয় মোবাইলফোন কোম্পানি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের। দেশটির টেলিযোগাযোগ খাতে বিপ্লব ঘটিয়েছে মুকেশের টেলিকম প্রতিষ্ঠান রিলায়েন্স জিও ইনফোকম। এই সুবাদেই তার পেট্রোকেমিক্যাল কনগ্লোমারেট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রবেশ করে ১০ হাজার কোটি ডলারের ক্লাবে। করোনাকালেও তার উত্থানের পেছনে এই কোম্পানিটি ভূমিকা রেখেছে।
প্রায় এক যুগ ধরে ভারতের ধনীতম ব্যক্তির খেতাব ধরে রাখা মুকেশ কিছুদিন আগে পৃথিবীর শীর্ষ ধনীদের তালিকায় নবম স্থানে উঠে আসেন।
