ফতুল্লার লিংক রোডের জেলা কারাগার সংলগ্ন আমিজ টাওয়ারের একটি দোকানে তালা মেরে পালিয়ে গেছে রাইসুল ইসলাম জুয়েল নামের এক ভাড়াটিয়া। প্রায় ১বছর ধরেই ওই ভাড়াটিয়ার কোন হদিস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন দোকান মালিক ও পুলিশ।
দোকানের মালিক ফতুল্লার কাইমপুর এলাকার জাহিদুল ইসলাম জাকির জানান, মাসিক ৭ হাজার টাকার চুক্তিতে তল্লা এলাকার রাসেল আমিজ টাওয়ারে তার দোকানটি ভাড়া নিয়ে রেস্টুরেন্টের ব্যবসা করে আসছিল। প্রথম দিকে নিয়মিত ভাড়া দিলেও ২০১৯ সালের আগস্ট থেকে কোন ভাড়া দিচ্ছে না, এমনকি দোকানটি ছাড়ছেও না। গত প্রায় ১০ মাস ধরে দোকানটি তালাবদ্ধ করে পালিয়েছে ভাড়াটিয়া জুয়েল।
জাকির জানান, ফতুল্লা থানায় একাধিকবার অভিযোগ করেও ফল মিলেনি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ভাঢ়াটিয়া জুয়েলকে একাধিকবার আলোচনার জন্য থানায় ডাকা হয়েছে। থানায় না আসায় তার বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।
ওসি জানান, আমরা আগামী ২-৩দিনের মধ্যে এলাকার জনপ্রতিনিধি এ আশপাশের দোকান মালিকদের নিয়ে দোকানের তালা ভেঙে এর ভিতর কী কী আছে তার সিজার লিস্ট করে থানায় জমা রাখবো।
