করোনাভাইরাসের কারণে ক্রিকেটবিহীন সময়টায় টিকটক ভিডিও বানাতে বেশ ব্যস্ত ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার রীতিমতো স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে ভিডিও তৈরি করেন এবং ভক্তদের আনন্দ দিতে সেগুলো আপলোড করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু সম্প্রতি বিপত্তি একটা বেঁধেছে!
সীমান্তে উত্তেজনার রেশ ধরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় ভারত সরকার দেশটিতে ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে। যার মধ্যে রয়েছে টিকটকের মতো জনপ্রিয় অ্যাপ। অর্থাৎ ভারতের বিপুল সংখ্যক ক্রিকেট অনুরাগী এখন ওয়ার্নারের মজার সব ভিডিও দেখা থেকে বঞ্চিত হবেন।
ভারতের টিকটক বন্ধ হওয়ার পর অনেকেই তাই ওয়ার্নার নামাটাই আগে মুখে নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ওয়ার্নারকে একরকম খোঁচাই দিয়েছিলেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি টুইটারে লেখেন, ‘আপ্পো আনওয়ার? ডেভিড ওয়ার্নার’। যার অর্থ দাঁড়ায় এ রকম, ‘এবার কী করবে ওয়ার্নার?’
অজি তারকার নতুন একটি ভিডিওর কমেন্ট বক্সেও এক অনুরাগী লেখেন, ‘টিকটক ভারতে নিষিদ্ধ।’ ওয়ার্নার যার উত্তর দিয়েছেন।
ওয়ার্নার লেখেন, ‘তারা অবশ্যই এটা নিষিদ্ধ করেছে, তবে ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার বিষয়ে আমার কিছুই করার নেই। ওটা সরকারের সিদ্ধান্ত এবং ভারতীয়দের এই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।’
