পয়েন্ট হারানোর শঙ্কাই জেগেছিল। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত জাল অক্ষত রেখেছিল অ্যাথলেটিক বিলবাও। শেষ পর্যন্ত সার্জিও রামোসের পেনাল্টি থেকে উদ্ধার জিনেদিন জিদানের দলের। মাঠ ছাড়া পূর্ণ পয়েন্ট নিয়েই। সেই সঙ্গে লা লিগার শিরোপার দৌড়ে তাদের এগিয়ে যাওয়া হলো আরো।
রবিবার প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭ পয়েন্ট এগিয়ে গেল রিয়াল। ৩৪ ম্যাচে ২৩ জয় ও আট ড্রয়ে রিয়ালের পয়েন্ট এখন ৭৭।
রাতেই অবশ্য মাঠে নামবে বার্সেলোনা। ব্যবধানটা ফের ৪-এ নামিয়ে আনার সুযোগ থাকছে কাতালানদের। তবে রিয়াল পয়েন্ট হারালে বার্সার আশা কিছুটা তৈরি হতো। কিন্তু সেই সুযোগ তাদের দেয়নি চিরপ্রতিদ্বন্দ্বীরা।
‘করোনা বিরতি’র পর ফের লা লিগার শুরু পর রিয়াল এনিয়ে ৭ ম্যাচের সব কটিতে জয় পেল। আর রামোস ৭ ম্যাচে গোল পেল ৫টি।
লিগে আর মাত্র ৪ ম্যাচ বাকি রিয়ালের। এর মধ্যে ৩ ম্যাচে জয় পেলেই ২০১২ সালের পর দ্বিতীয় লা লিগা শিরোপা ঘরে তুলবে রিয়াল। সবশেষ তারা লা লিগা শিরোপা জেতে ২০১৬-১৭ মৌসুমে।
