মাদক বেচতে রাজি না হওয়ায় স্ত্রীর চোখ উপড়াল স্বামী!

আপডেট : ০৬ জুলাই ২০২০, ০৬:৩৫ এএম

মাদক বেচতে রাজি না হওয়ায় টাঙ্গাইলের কালিহাতীতে সিঁধ কেটে ঘরে ঢুকে স্ত্রীর চোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে স্বামী ফারুক হোসাইনের বিরুদ্ধে। গতকাল রবিবার ভোরে নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন কালিহাতী থানার এসআই মো. ফজলুল হক। আহত আঁখি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার শিকার আঁখির বাবা মো. মজিবর রহমান সাংবাদিকদের বলেন, সাত বছর আগে মির্জাপুর উপজেলার বুসুন্দী গ্রামের আব্দুল রহমানের ছেলে ফারুক হোসাইনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার ভালোই চলছিল। তাদের সংসারে দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। প্রবাসী বাবার অনুপস্থিতিতে ফারুক ও তার মা মাদক কারবারে জড়িয়ে পড়েন। ফারুক তার স্ত্রী আঁখি আক্তারকে মাদক বিক্রি করতে বললে তাদের দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে কয়েক বছর আগে আঁখি তার বাবার বাড়ি চলে আসে। পরে সালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা করে আঁখিকে ফারুকের বাড়ি পাঠানো হয়। তারপরও ফারুক তার স্ত্রীকে মাদক বিক্রির জন্য চাপাচাপি করতে থাকে। কিন্তু আঁখি রাজি না হওয়ায় দুজনের মধ্যে আরও বেশ কয়েকবার ঝগড়া এবং দু’পক্ষের মধ্যে সালিশ বৈঠক হয়।

আঁখির চাচা খোকন মিয়ার বরাত দিয়ে কালিহাতী থানার এসআই মো. ফজলুল হক জানান, এক বছর আগে ফারুকের কাছ থেকে আঁখি চলে এসে গাজীপুরে এক পোশাক কারখানায় চাকরি করতে থাকেন। তখন তাকে ফোন করে চোখ উপড়ে ফেলাসহ প্রাণনাশের হুমকি দেয় ফারুক। গত রমজান মাসে ফারুক গাজীপুরে আঁখির বাসায় গিয়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। ওই ঘটনায় গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। তারপরেও একাধিকবার মোবাইল ফোনে আঁখি ও তার পরিবারের চার সদস্যকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ফারুক। করোনা পরিস্থিতিতে সম্প্রতি বাবার বাড়ি চলে আসেন আঁখি। এ খবর পেয়ে গতকাল ভোরে সিঁধ কেটে আঁখির ঘরে ঢুকে কাঁচি (সিজার) দিয়ে তার চোখে আঘাত করে পালিয়ে যায় ফারুক। পরে আঁখিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, ‘ফারুক হোসাইন মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক বিক্রি নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হতো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত