সৌরভকে প্রথম বল খেলতে বাধ্য করতেন শচিন

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০১:৪২ এএম

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সেরা ওপেনিং জুটির খোঁজ করলে শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির নাম অবধারিতভাবে সবার আগে উঠে আসবে। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে শচিন-সৌরভের ওপেনিং জুটির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।

১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত ১৩৬টি ইনিংসে ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন শচিন-সৌরভ। সংগ্রহ করেছেন ৬৬০৯ রান। ওয়ানডেতে এখন পর্যন্ত এই পরিসংখ্যানের ধারেকাছে পৌঁছতে পারেনি আর কোনো ওপেনিং জুটি।

দুজনের খেলোয়াড়ি জীবনে এই সাফল্যের রসায়ন নিয়ে চর্চা হয়েছে অনেক। তেমনই আলোচনায় উঠে আসে কিছু সংস্কারজাতীয় প্রসঙ্গও। শচিন-সৌরভ ওপেন করতে নামলে বেশিরভাগ সময় প্রথম বল খেলতে দেখা যেত সৌরভকে। শচিন থাকতেন নন-স্ট্রাইকার প্রান্তে।

এর কারণও খুঁজে বেড়ান অনেকে। এবার তাদের সেই কৌতূহলই মিটিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বিসিসিআইয়ের উদ্যোগে সোশ্যাল মিডিয়ায় সৌরভকে প্রশ্ন করার সুযোগ আসতেই এক অনুরাগী জানতে চান, এটা কী সত্যি শচিন সবসময় তাকে প্রথম বল খেলতে বাধ্য করতেন?

সৌরভের সঙ্গে আলোচনায় মায়াঙ্ক আগরওয়াল ছিলেন। ভক্তের করা প্রশ্ন বিসিসিআই সভাপতির সামনে তুলে ধরেন তিনি।

সৌরভ বলেন, ‘হ্যাঁ, ও (শচিন) সবসময় এটা করত। এর জন্য ও একটা যুক্তিও তৈরি করে রেখেছিল। আমি মাঝে মাঝেই ওকে বলতাম যে, আমি সবসময় প্রথম বল খেলি। তুমিও তো কখনো প্রথম বল খেলতে পারো।’

সৌরভ বলে যান, ‘শচিনের কাছে দুটি উত্তর থাকত নন-স্ট্রাইকে থাকার জন্য। প্রথমত, যখন ও ফর্মে থাকত, তখন ফর্ম বজায় রাখার জন্য ওর নন-স্ট্রাইকে থাকাই ভালো। দ্বিতীয়ত, ও ফর্মে না থাকলে বলত যে, নন-স্ট্রাইকে থাকলে ওর উপর চাপ কমবে। ফর্মে থাকুক বা না থাকুক, দুটি ক্ষেত্রেই একই যুক্তি দেখাত শচিন।’

সৌরভ এও জানালেন, কীভাবে চালাকি করে শচিনকে কয়েকবার প্রথম বল খেলতে বাধ্য করেছিলেন তিনি। বিসিসিআই সভাপতি বলেন, ‘কোনো একদিন যদি ওকে টপকে নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে পড়া যেত, তবে ও বাধ্য হতো প্রথম বল খেলতে। এটা কয়েকবার হয়েছে। আমি ওকে টপকে নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে পড়ি। যেহেতু লাইভ ম্যাচে ক্যামেরা ওর দিকে থাকত, তাই বাধ্য হয়েই স্ট্রাইকার প্রান্তে যেতে হতো ওকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত