বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের তিন হোম ম্যাচই সিলেটে

আপডেট : ০৭ জুলাই ২০২০, ১০:৫৭ পিএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে বাংলাদেশের বাকি আরো ৪ ম্যাচ। এর মধ্যে জামাল ভূঁইয়ারা তিনটি ম্যাচই খেলবে নিজেদের ঘরে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ভেন্যু হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামকে আগেই চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভারত ও ওমানের বিপক্ষে ম্যাচ দুটিও সিলেটেই আয়োজনের পরিকল্পনা দেশের ফুটবলের অভিভাবক সংস্থার।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ আছে ‘ই’ গ্রুপে। করোনার কারণে খেলা স্থগিত হওয়ার আগে নিজেদের ৪ ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১ পয়েন্ট। করোনার ধাক্কা না লাগলে মার্চ ও জুনেই বাকি ম্যাচ চারটি হয়ে যেতো। এখন খসড়া যে সূচি, সে অনুযায়ী ৮ অক্টোবর ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ১৩ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ কারাতের সঙ্গে। ১২ ও ১৭ নভেম্বর বাকি দুই হোম ম্যাচ যথাক্রমে ভারত ও ওমানের বিপক্ষে।

হোম ম্যাচগুলোর ভেন্যু নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সংবাদ মাধ্যমকে বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে তিনটি ম্যাচ বিভিন্ন ভেন্যুতে আয়োজন করা আমাদের জন্য কঠিন হবে। এ কারণে এক স্টেডিয়ামে (সিলেটে) হোম ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এখানে অবকাঠামোও একটা বড় কারণ। আফগানিস্তান ম্যাচ সামনে রেখে সিলেট জেলা স্টেডিয়াম এরই মধ্যে নতুন রূপে সেজেছে। স্টেডিয়ামের গ্যালারিতে বসানো হয়েছে চেয়ার। এদিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারির পুরোনো চেয়ারগুলো সরিয়ে ফেলা হয়েছে। করোনার কারণে দ্রুত সময়ে যা সংস্কার করাও সম্ভব নয়।

আবু নাঈম জানান, ‘ফিফা ও এএফসির ম্যাচ আয়োজনের জন্য যেগুলো অবশ্যই থাকতে হবে সেগুলোর অন্যতম হচ্ছে, গ্যালারিতে চেয়ার। বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তা নেই। মন্ত্রণালয়কে আমরা জানিয়েছিলাম, কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগে সংস্কার সম্ভব নয়। তাই সিলেটকেই বেছে নিতে হয়েছে।’

পূর্বের সূচিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল ২৬ মার্চ। প্রথমে ম্যাচটির ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামই ছিল। কিন্তু ওই দিন স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু-কিশোরদের কুচকাওয়াজের আয়োজনও রাখা হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

তাই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি সিলেটে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এখন অবশ্য এক ম্যাচের জায়গায় তিন ম্যাচ পেয়ে যাচ্ছে সিলেটবাসী। যদিও করোনার কারণে দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত