এন্ড্রু কিশোরের মরদেহ রামেকে

দুই সন্তান দেশে ফিরলে শেষকৃত্য ১৫ জুলাই

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৬:০৩ এএম

বরেণ্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শেষকৃত্যের জন্য আগামী ১৫ জুলাই সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন তার বোনজামাই ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস। গতকাল মঙ্গলবার তিনি জানান, অস্ট্রেলিয়া থেকে এন্ড্রু কিশোরের দুই সন্তান দেশে ফিরলে ১৫ জুলাই খ্রিস্টীয় রীতিতে সমাহিত করা হবে তাকে।

এন্ড্রু কিশোরের বোন শিখা বিশ্বাস জানান, ‘ছেলে জে এন্ড্রু সপ্তক ১০ জুলাই ও মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা ১৪ জুলাই অস্ট্রেলিয়া থেকে ফিরবেন। তবে ফ্লাইট জটিলতায় সন্তানদের ফিরতে বিলম্ব হলে অন্ত্যেষ্টিক্রিয়ার দিনও পেছানো হবে।’

গত বছরের ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এন্ড্রু কিশোরের লিম্ফোমা (ব্লাড ক্যানসার) ধরা পড়ে। সেখানে নয় মাস চিকিৎসা শেষে গত ১১ জুন দেশে ফিরে পরদিন রাজশাহী নগরীর মহিষবাতান এলাকায় বোন শিখা বিশ্বাসের ক্লিনিকে ভগ্নিপতি ও চিকিৎসক প্যাট্রিক বিপুল বিশ্বাসের তত্ত্বাবধানে ছিলেন এন্ড্রু কিশোর। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মৃত্যু হয় তার। এরপর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়।

ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বলেন, ১৫ জুলাই সকাল ৯টার দিকে মরদেহ সিটি চার্চে নিয়ে ধর্মীয় আচার শুরু করা হবে। সাড়ে ৯টায় ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। চলবে বেলা ১১টা পর্যন্ত। এন্ড্রু কিশোরের ইচ্ছা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে তার শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে।

এরপর মরদেহ রাজশাহী কলেজে রাখা হবে। সেখানেও ভক্ত-অনুরাগীদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া হবে। শ্রদ্ধা জানানো শেষে বেলা সাড়ে ৩টায় এন্ড্রু কিশোরকে সমাধিস্থলে নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত