ব্রোকারেজ হাউজ ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শহিদুল্লাহ ও তার স্ত্রী নিপা সুলতানা নূপুর (পরিচালক) ২২ হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীর ১৮ কোটি টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় দায়ের মামলায় গত সোমবার নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ২২ জুন ব্রোকার হাউজটি বন্ধ করে গ্রাহকের টাকা আত্মসাৎ করে এই দম্পতি পালিয়ে যান। তাদের বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলা হয়েছে। ডিবির রমনা বিভাগের একটি টিম সোমবার লক্ষ্মীপুর-নোয়াখালী জেলার সীমান্ত এলাকা থেকে শহিদুল্লাহ ও নিপাকে গ্রেপ্তার করে।’
আবদুল বাতেন বলেন, ‘ক্রেস্ট সিকিউরিটিজ ঢাকা স্টক এক্সচেঞ্জের নিবন্ধিত ব্রোকার হাউজ। এখানে প্রায় ২২ হাজার বিও অ্যাকাউন্টধারী শেয়ার কেনাবেচায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। বিনিয়োগকারীদের অগোচরে এই দম্পতি ১৮ কোটি টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেন। এরপর তারা হাউজটি বন্ধ করে দেন। এ ছাড়া ৪৪-৪৫ জন থেকে মুনাফা দেওয়ার শর্তে ৩০ কোটি টাকা ঋণ নিয়েছেন তারা।’ আত্মসাৎকৃত টাকা বিদেশে পাচার হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এজন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সিআইডিকে সঙ্গে নিয়ে তদন্ত করা হবে।’
