নবম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত রেজিস্ট্রেশন ফির অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক বন্ধন কুমার বর্মন, সদস্য মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমুখ।
বক্তারা বলেন, নবম শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে বিদ্যালয়গুলো বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করছে। ফলে করোনা ও বন্যাকালীন অভিভাবক ও শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। সারা দেশে সাংবাদিকসহ বিভিন্ন মানুষকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হয়রানি করা হচ্ছে। যা মুক্ত সাংবাদিকতা ও কথা বলার অধিকার হরণের শামিল। এজন্য অতিরিক্ত ফি নেওয়া বন্ধ ও আইনটি বাতিলের দাবি জানান বক্তারা।
