আগামী বছরই ডব্লিউএইচও ছাড়ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০৯ জুলাই ২০২০, ১২:৫৯ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। করোনাভাইরাস মোকাবিলায় সংস্থাটির ভূমিকার সমালোচনাকারী ট্রাম্প আগেই বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্র যে তহবিল প্রদান করত তাও বন্ধ করা হবে জানিয়েছে এএফপি।

গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে আনুষ্ঠানিকভাবে নোটিস পাঠানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের নোটিস পাওয়ার কথা নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়াসাস করোনাভাইরাস সাধারণ শত্রু হিসেবে উল্লেখ করে বলেছেন, তা মোকাবিলায় জাতীয় ঐক্য ও বৈশ্বিক সংহতি যে কোনো সময়ের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ।

রয়টার্সের পক্ষ থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিক নোটিস দিলেও সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রের পুরোপুরি বেরিয়ে যেতে এক বছর সময় লাগবে। ২০২১ সালের ৬ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত