রিজেন্ট হাসপাতাল কেলেঙ্কারি

জড়িতদের ক্রসফায়ার চেয়েছেন বিএনপি এমপি হারুন

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৬:১১ এএম

করোনা পরীক্ষার নামে ভুয়া সার্টিফিকেট প্রদানের সঙ্গে জড়িতদের ক্রসফায়ারে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। গতকাল বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হারুনুর রশীদ বলেন, ‘আপনি মাদকাসক্ত-মলম পার্টির লোককে ধরে ক্রসফায়ার দিচ্ছেন। অথচ এত বড় অপকর্ম করল এখন পর্যন্ত সে গ্রেপ্তার হয়নি। সে কোথায় আছে? রিজেন্ট হাসপাতালের পরিচালনা বোর্ড, কর্র্তৃপক্ষ তাদের অগোচরেই কি এসব অপকর্ম হয়েছে? মানুষের জীবন-মরণের সংকটময় মুহূর্তে সরকারের জায়গা থেকে র‌্যাব অভিযান চালিয়েছে। তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে এতে সন্তুষ্ট নই, এই রকম ব্যক্তিদের বাঁচিয়ে রাখা উচিত নয়, তাদের ক্রসফায়ারে দেওয়া উচিত।’

করোনা টেস্টের লাইসেন্স যাদের দেওয়া হয়েছে সেগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে উল্লেখ করে হারুন আরও বলেন, যারা আবেদন করেছিল সেখানে দলীয় বিবেচনা করা হয়েছিল বলেই যাদের সক্ষমতা আছে করোনা টেস্টের তাদের অনেককেই দেওয়া হয়নি।

বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে তিনি বলেন, চীন-ইতালির ফ্লাইট বন্ধ। কারণ প্রবাসীরা বাইরে যাচ্ছে সেখানে বিমানবন্দরে কভিড-১৯ র‌্যাপিড টেস্ট করায় তারা করোনা পজিটিভ হচ্ছে। যে কারণে ওই সকল দেশ ফ্লাইট বন্ধ করেছে।

তিনি বলেন, ‘সংসদ নেতা সারা দিন-রাত পরিশ্রম করছেন, বিভিন্ন পদক্ষেপ ঘোষণা করছেন। সেই ঘোষণা শুধু ঘোষণাই থেকে যাচ্ছে মাঠ পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের কারণে। করোনা মোকাবিলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।’

এদিকে দুর্নীতি ও অবৈধভাবে অর্থ পাচারের দায়ে কুয়েতের কারাগারে বন্দি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ নিয়ে স্পিকারের ব্যাখ্যা চান হারুন।

সাংসদ পাপুল কুয়েতের নাগরিক হলে তার সদস্যপদ বাতিল হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হারুনুর রশিদ বলেন, আজকের সব পত্রিকায় নিউজ আছে ইমিগ্রেশনে পাপুল যে পাসপোর্ট ব্যবহার করে কুয়েত গেছেন, তা সরকারি পাসপোর্ট নয়। তাহলে তিনি নিঃসন্দেহে বিদেশি নাগরিক এবং বিদেশি নাগরিক হিসেবে আত্মসমর্পণ করেননি। তথ্য গোপন করেছেন নির্বাচনের সময় এবং আজ তিনি অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন। সুতরাং এ ব্যাপারে আমাদের সংবিধান অনুযায়ী যে দায়িত্ব আপনার, আমি আশা করব, স্পিকার এ ব্যাপারে আপনার জায়গা থেকে ঘোষণা থাকা দরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত