সংবাদ সম্মেলনে পুলিশ

শিশু সাদিয়াকে হত্যা করা হয় ব্লেড দিয়ে গলা কেটে

আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৬:৩১ এএম

পূর্বশত্রুতার জেরে রাজধানীর উত্তর আদাবরে চার মাস বয়সী শিশু সাদিয়াকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যা করে প্রতিবেশী পারভীন। গতকাল বুধবার দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশীদ তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গত ৩ জুলাই উত্তর আদাবর ৩৮/১০ পানির পাম্প এলাকার একটি বাসা থেকে শিশু সাদিয়ার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা আদাবর থানায় একটি হত্যা মামলা করেন।

ডিসি হারুন বলেন, গত রবিবার প্রতিবেশী পারভীনকে (২৪) গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে সে জানায়, পূর্বশত্রুতার জেরে ব্লেড দিয়ে সাদিয়াকে গলা কেটে হত্যা করেছে। তার ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ব্লেডটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘পারভীনের স্বামী রিকশা চালায়। সাদিয়ার বাবা দিনমজুর ও দাদা বস্তির ম্যানেজার। লকডাউন চলাকালে স্বামীকে বাসার সামনে সাদিয়ার দাদা দোকান করতে না দেওয়া, সন্তানদের সঙ্গে তার মায়ের খারাপ ব্যবহার ও গালিগালাজসহ তুচ্ছ বিষয় নিয়ে বাদানুবাদ হয় পারভীনের। এর জেরে সাদিয়ার মাকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে সে। ঘটনার দিন সাদিয়াকে ঘুম পাড়িয়ে তার মা রান্না করতে গেলে পারভীন ঘরে ঢুকে তাকে ব্লেড দিয়ে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে।’ পারভীন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান ডিসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত