ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করল যুবলীগ নেতা ও তার ৩ ভাই

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৫:২৮ এএম

কুমিল্লা নগরীর চাঙ্গিনী এলাকায় আধিপত্য বিস্তারের জেরে আক্তার হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর চাঙ্গিনী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নগর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন এবং তার তিন ভাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।

আক্তার চাঙ্গিনী মোড় এলাকার মৃত আলী হোসেনের ছেলে। ঘটনার পর পুলিশ কাউন্সিলরের তিন ভাই আমির হোসেন, বিল্লাল হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, আক্তার ও স্থানীয় কাউন্সিলর আলমগীর সম্পর্কে চাচাতো ভাই। এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসাসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলমগীর ও তার ভাইদের সঙ্গে দ্বন্দ্ব চলছিল আক্তারের। এরই জেরে গতকাল জুমার নামাজের পর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে আক্তারের ওপর হামলা চালায় আলমগীর ও তার তিন ভাই। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লার মুন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও তদন্ত দাবি করেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম বলেন, কাউন্সিলর আলমগীর ও তার ভাইদের সঙ্গে আক্তারের দীর্ঘদিনের ঝামেলা ছিল। শুক্রবার জুমার নামাজ পর তারা তাকে পিটিয়ে হত্যা করেন। তিন ভাইকে আটক করা গেলেও কাউন্সিলর আলমগীর পলাতক রয়েছেন। তাকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত