টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

আপডেট : ১২ জুলাই ২০২০, ১০:০৩ এএম

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. ছৈয়দ আলম (৩৫) নামের এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

রবিবার ভোর ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত  মো. ছৈয়দ আলম একজন চিহ্নিত মাদক কারবারি বলে দাবি করছে বিজিবি।

তিনি টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার মো. সৈয়দ আহমদের ছেলে। ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, ১টি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজের নিকটবর্তী কেয়ারী খাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন সংবাদে তাদের একটি বিশেষ টহলদল অবস্থান নেয়।

টহলদল দূর হতে দুইজন সন্দেহজনক ব্যক্তিকে খালের পাড়ে দেখে। কিছুক্ষণ পর এক ব্যক্তিকে নাফনদী সাঁতরিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।

তিনি খালের মুখে আসার সঙ্গে সঙ্গে আগে থেকে অপেক্ষমান দুই ব্যক্তি তার কাছে এগিয়ে যায়। টহলদল চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিক টহলদলটি তাদের ধাওয়া করলে সশস্ত্র ইয়াবা কারবারিরা বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করে। এ সময় বিজিবি’র টহল দলটি পাল্টা গুলি বর্ষণ করে। উভয় পক্ষের মধ্যে প্রায় ৩-৪ মিনিট গোলাগুলি হয়।

পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক কারবারিকে উদ্ধার করা হয়। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরি চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত