করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে বলিউড তারকা অভিষেক বচ্চন। শনিবার রাতে তাদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নিজেরাই বিষয়টি নিশ্চিত করেন। খবর ছড়িয়ে পড়ার পর তাদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ভক্ত থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। ক্রীড়া তারকারাও রয়েছেন এই তালিকায়।
শচিন টেন্ডুলকার থেকে শুরু করে শহীদ আফ্রিদি অমিতাভ-অভিষেকের দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন।
শচিন টেন্ডুলকার অমিতাভের শনিবারের করা টুইট রি-টুইট করে লিখেছেন, ‘নিজের প্রতি যত্ন নেবেন অমিতজি। আপনার সার্বিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করছি।’
অভিষেকের টুইট রি-টুইট করে লিখেছেন, ‘শক্ত থাকো বন্ধু। তোমার এবং তোমার পরিবারের জন্য প্রার্থনা। ভালোমতো যত্ন নিও।’
ভারতীয় পেসার মোহাম্মদ শামি টুইট করে লিখেছেন, ‘ইনশা আল্লাহ, আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরে আসবেন। ভারতের জনগণ আপনাদের পাশে আছে।’
হরভজন সিং অমিতাভের টুইট রি-টুইট করে লিখেন, ‘আপনার দ্রুত সুস্থতা কামনা করছি স্যার।
এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি সবসময় ভারত নিয়ে সমালোচনায় মুখর থাকলেও অমিতাভ ও অভিষেকের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে টুইট করেছেন। ক’দিন আগে করোনা থেকে সেরে ওঠা তারকা দুজনের জন্য প্রার্থনা করে লিখেন, ‘অমিতাভ বচ্চন ও জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা করি দ্রুত ও ভালোভাবে আরোগ্য লাভ করবেন।’
রবিবার অভিষেক বচ্চনের স্ত্রী অভিনেত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যরও করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ বচ্চন পরিবারে একসঙ্গে চারজন আক্রান্ত হয়েছেন।
