ওয়াই ডব্লিউ সি এ স্কুলের বেতন ৫০ ভাগ কমানোর দাবিতে স্মারকলিপি

আপডেট : ১২ জুলাই ২০২০, ১১:৩৭ পিএম

রাজধানীর ধানমন্ডির ওয়াই ডব্লিউ সি এ স্কুলের মাসিক বেতন ৫০ ভাগ কমানোর দাবি জানিয়ে ওই স্কুলের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে অভিভাবকবৃন্দ।

রবিবার দুপুরে অভিভাবকদের একটি প্রতিনিধি দল স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে দেখা করে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে অভিভাবকবৃন্দ দাবি করেছেন, করোনার মহামারিতে দেশের অন্যান্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কারও মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহ দিন কাটাচ্ছেন। বাড়ি ভাড়া দিতে না পেরে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে। এ অবস্থায় স্কুলের বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ করা হয়।

স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহা অভিভাবকদের বেতন কমানোর আবেদনের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বেতন কমানোর আবেদনপত্র স্কুল পরিচালনা পর্ষদের কাছে পাঠিয়ে দেন। পরিচালনা পর্ষদের বৈঠকে বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত