ফেনীতে নদী রক্ষা বাঁধে ভাঙ্গন, ৭ গ্রাম প্লাবিত

আপডেট : ১৩ জুলাই ২০২০, ১২:১৭ এএম

ফেনীর ফুলগাজী ও পরশুরাম এলাকায় মুহুরী ও কহুয়া নদী রক্ষা বাঁধের ৫ স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়ে অন্তত ৭ গ্রামে প্লাবিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টার পর ১.৩২ মিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হয়ে তলিয়ে যাচ্ছে হাট-বাজার, ঘর-বাড়ি ও রাস্তাঘাট।

স্থানীয়রা জানায়, রবিবার বিকালে ফুলগাজীর সদর ইউনিয়নের মুহুরী নদীর কিসমত ঘনিয়া মোড়া ও উত্তর দৌলতপুর অংশে ৪টি স্থানে নদী রক্ষা বাঁধে ভাঙ্গন ধরে। এতে করে ওই ইউনিয়নের কিসমত ঘনিয়া মোড়া, পূর্ব ঘনিয়া মোড়া, উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, রাতের মধ্যেই  বৈরাগপুর, জয়পুর ও পশ্চিম ঘনিয়া মোড়া গ্রামে পানি ঢুকে তলিয়ে যেতে পারে। তিনি জানান, ফুলগাজী বাজার এলাকায় পানি ঢুকে রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বাজারের কয়েকটি দোকানে পানি ঢুকে পড়েছে। 

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভুঞা জানান, ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করা হয়েছে। জনপ্রতিনিধি ও ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।  

এদিকে পরশুরাম উপজেলার মুহুরী নদীর দূর্গাপুর এলাকায় ভাঙ্গন ধরে  দূর্গাপুর, রতনপুর ও রামপুর এলাকায় পানি ঢুকে পড়েছে। পরশুরাম এলাকায় নেমে আসা পাহাড়ী ঢলের পানি বিপদসীমার ১ দশমিক ৩২ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন জানানা, পানির চাপ বাড়ছে। রাতের মধ্যেই আরো কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়তে পারে। এখন পর্যন্ত পরশুরাম এলাকায় ১.৩২ মিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত