টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসি খুব সহজে হাল ছাড়বে না বলে মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। তার মতে আইসিসির জন্য এই আসর অনেক গুরুত্ব বহন করে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলার সময় এমনটাই বলেন সৌরভ। বিসিসিআই সভাপতি বলেন, ‘আইসিসির সঙ্গে আমাদের আলোচনা চলছে। এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমি মনে করি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য সবরকম চেষ্টা করছে, যেহেতু এটা তাদের কোষাগারে প্রচুর টাকা এনে দেয়।’
সৌরভ যোগ করেন, ‘ঠিক যেমনটা আইপিএল আমাদের কাছে মূল্যবান, আইসিসির কাছে তেমনই টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন পরিস্থিতিতে আমি নিশ্চিত আইসিসি চেষ্টায় কোনো কমতি রাখবে না। আইসিসির সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’
অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু করোনাভাইরাস এই আসর আয়োজন হুমকির মুখে ফেলে দিয়েছে। এদিকে করোনার জেরে এখনো আইপিএল মাঠে গড়াতে পারেনি। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করলে সেই সময়ে আইপিএল আয়োজন করতে আগ্রহী বিসিসিআই।
