আসামের জঙ্গলে সোনালি বাঘ

আপডেট : ১৩ জুলাই ২০২০, ০৭:০১ এএম

করোনা আবহে লকডাউনের ফলে বেশিরভাগ মানুষই ঘরবন্দি। রাস্তাঘাটে বা জঙ্গল এলাকায় পর্যটকদের আসা-যাওয়া এখন অনেকটাই কম। ফলে পশুপাখিরাও ইচ্ছেমতো বিচরণ করে বেড়াচ্ছে। তাদের দেখাও মিলছে অনেক বেশি। আবার বন্যার কারণেও বন ছেড়ে বাইরে আসছে প্রাণী। করোনার লকডাউন আর বন্যায় বিরল এক দৃশ্য ধরা পড়ল আসামের কাজিরাঙা অভয়ারণ্যে। ভারত তথা পুরো উপমহাদেশে মুক্ত অবস্থায় দেখে গেল বিরল প্রজাতির এক বাঘের। এই অঞ্চলের চিড়িয়াখানায় দেখা মিললেও বনে ‘গোল্ডেন টাইগার’ বা ‘সোনালি বাঘ’-এর দেখা মিলল এবারই প্রথম। 

এই বাঘের সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে সাদৃশ্য রয়েছে। তবে গায়ের হলুদ আভায় কালো ডোরাকাটা নয়। বরং সোনালি রঙের দাগ। লাল ও খয়েরি আভা। যা রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়ে অনেকটাই আলাদা করে রেখেছে এই বাঘকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, গোটা ভারতে এই একটি মাত্র সোনালি বাঘের খোঁজ মিলেছে এখনো পর্যন্ত।

আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান সম্প্রতি টুইটারে এই বাঘের ছবিটি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আপনারা কি জানেন, আমাদের দেশে সোনালি বাঘও আছে। দেখুন কী সুন্দর দেখতে সে।’

তিনি জানিয়েছেন, ছবিটি তুলেছেন ওয়ার্ল্ড লাইফ ফটোগ্রাফার ময়ূরেশ হেন্ড্রে। টুইটারে শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।

এই গোল্ডেন টাইগারকে স্ট্রবেরি টাইগার নামেও ডাকা হয়। আদর করে বলা হয় ট্যাবি টাইগার। কারণ এর গায়ের অসাধারণ রং। ওই বন দপ্তরের অফিসার লিখেছেন, এই ধরনের বাঘ সত্যিই বিরল। একাধিক প্রাণীর জিনের মিউটেশনের ফলে এইরকম প্রাণীর জন্ম হয় বলে জানিয়েছেন তিনি। ২০১৯ সালে তোলা এই বাঘের ছবিও শেয়ার করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত