প্রথম ডিজিটাল পুরস্কার জয়ার
গত কয়েক মাস ধরে বিশ্বজুড়ে চলা করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পিছিয়ে গেছে বিশে^র সব বড় বড় ফেস্টিভ্যাল ও পুরস্কার বিতরণী আয়োজন। আর কেউ কেউ অনলাইনের মাধ্যমেই সেরে ফেলছেন কাজ। কলকাতায় প্রথমবারের মতো অনলাইনে আয়োজিত ডিজিটাল পুরস্কার প্রদান করা হয়েছে। এর নাম ‘ফিল্ম অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’। আর এ আয়োজনে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুললেন জয়া আহসান। ‘কণ্ঠ’ ছবিতে স্পিস থেরাপিস্ট রমিলা চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য এ পুরস্কার বগলদাবা করলেন এই তারকা। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজে। তিনি বলেন, ‘কণ্ঠ সিনেমার রমিলা চরিত্রটা অসাধারণ। সবসময়ই এটি আমার কাছে স্মরণীয়। এই চরিত্রটির জন্যই তারা আমাকে ট্রেন্ডসেটিং পারফরম্যান্স অব দ্য ইয়ার পুরস্কারটি দিয়েছে। এটা আমার কাছে খুবই সম্মানের।’ জয়া আরও বলেন, ‘এখানে আমাকে দেখা যায়, স্বাভাবিক কণ্ঠের বাইরে ইসোফেজিয়াল ভয়েসেও কথা বলতে। এই ভয়েসটা আসলে কাজে লাগে তাদের, যাদের কণ্ঠনালিতে ক্যানসার হওয়ার ফলে সাউন্ডবক্সটা কেটে ফেলতে হয়। এই ভয়েসে কথা বলার জন্য আমাকে ট্রেনিং নিতে হয়েছে।’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম। গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির ক্যানসারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে।
অ্যাম্বার হার্ড ও জনি ডেপের দ্বৈরথ
হলিউডের অন্যতম আলোচিত জুটি অ্যাম্বার হার্ড ও জনি ডেপের সম্পর্ক এখন অতীত। এই সাবেক জুটির সম্পর্ক এমনই তিক্ত অবস্থায় দাঁড়িয়েছে যে, প্রায়ই দুজন পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রথমে জনি ডেপের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন অ্যাম্বার। এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে উল্টো অভিযোগ তুললেন অস্কারজয়ী জনি ডেপ। পাশাপাশি প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য সান’-এর বিরুদ্ধেও করেছেন মানহানির মামলা। ডেপের অভিযোগ, অ্যাম্বার কৌশলে এই ম্যাগাজিনে মিথ্যা বক্তব্য দিয়েছে। যে কারণে সবার কাছে জনি ডেপ এখন ভিলেন। ‘দ্য সান’ ম্যাগাজিনেই অ্যাম্বার অভিযোগ করেছিলেন, ‘জাস্টিস লিগ’ ছবিতে তিনি যেন অভিনয় করতে না পারেন, সে জন্য জনি সে সময় উঠেপড়ে লেগেছিলেন। আরও বেশকটি ছবিতে যেন অ্যাম্বার অভিনয় না করেন, সে জন্য জনি প্রযোজকদের অনুরোধও করেছিলেন।
এদিকে দীর্ঘদিন ধরেই সাবেক স্ত্রী অ্যাম্বারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছিলেন ডেপ। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন তারা। পরের বছরই বিয়ে বিচ্ছেদের জন্য আবেদন করেন অ্যাম্বার। ২০১৭ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ হয়।
ভাগ্য খুলেছে রনদিপ হুদার
গত ২৪ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পায় ঢাকার গল্পে নির্মিত হলিউড সিনেমা ‘এক্সট্র্যাকশন’। এর মধ্য দিয়ে হলিউডে অভিষেক হয়েছিল বলিউড অভিনেতা রনদিপ হুদার। হলিউড অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ অভিনীত এই ছবিতে রনদিপের অ্যাকশন মন ছুঁয়ে গেছে সবার। আর তাইতো এবার রনদিপ চুক্তিবদ্ধ হলেন হলিউডের আরেকটি প্রকল্পে। এক বিবৃতিতে রনদিপ জানিয়েছেন, ‘এক্সট্র্যাকশন’-এ কাজ করা ছিল আমার জীবনের অন্যতম চমৎকার একটি অভিজ্ঞতা। এর মাধ্যমে বিশ্বব্যাপী আমি যে সাফল্য পেয়েছি তা আমার ধারণার বাইরে ছিল। প্রতিটি শিল্পীই দর্শকদের কাছে পৌঁছাতে চায়। আমিও এমনটাই চাই। তাই আরও একবার আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে উপস্থাপন করার যাত্রায় পা রাখলাম। আশা করছি সবাই আমাকে ভালোবাসা দেবেন। আন্তর্জাতিক চলচ্চিত্রের এই নতুন দিগন্তে পা রেখে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং উচ্ছ্বসিত।’ নেটফ্লিক্স অরিজিনালের ‘এক্সট্র্যাকশন’ ছবিটি প্রযোজনা করেছিলেন হলিউডের দাপুটে ভাতৃদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো।
রনদিপ অভিনীত বলিউডের সর্বশেষ সিনেমা ছিল ইমতিয়াজ আলি পরিচালিত ‘লাভ আজ কাল ২’। যেখানে মূল ভূমিকায় দেখা গিয়েছিল কার্তিক আরিয়ান ও সারা আলি খানকে। রনদিপের হাতে রয়েছে সালমান খান অভিনীত ও প্রযোজিত ‘রাধে’। সিনেমাটি গেল ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি।
