যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এক শোক বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নুরুল ইসলাম বাবুল একজন সফল শিল্প উদ্যোক্তা ছিলেন। তিনি আমার নির্বাচনী এলাকা গাজীপুরে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান নির্মাণের মধ্যে দিয়ে দেশে কর্মসংস্থান সৃষ্টিতে অনন্য অবদান রেখেছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বড় অসময়ে চলে গেলেন তিনি। করোনার সংকট কাটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তার মতো উদ্যোক্তার খুবই দরকার ছিল। এ সময়ে তার চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি।
প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, সোমবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
