করোনায় আক্রান্ত হওয়ার গুজব অস্বীকার করল রণবীরের পরিবার

আপডেট : ১৪ জুলাই ২০২০, ১২:০৬ এএম

বচ্চন পরিবারের কোভিড রিপোর্ট পজিটিভ। অনুপম খেরের বাড়িতেও করোনার হানা। কাপুর পরিবারেও কি এন্ট্রি নিল এই ভাইরাস? শনিবার অমিতাভ বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিতু-রণবীরের করোনা পজিটিভ হওয়ার ‘খবর’ ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। নেটাগরিকদের একাংশ আবার তাদের করোনা আক্রান্ত হওয়ার পেছনে নানা কারণও খুঁজে বার করতে থাকেন।

দিন কয়েক আগে নিতু কাপুরের ৬২তম জন্মদিনের ঘরোয়া পার্টিতে আমন্ত্রিত ছিলেন করন জোহর, আলিয়া ভাট-সহ কাপুর ঘনিষ্ঠরা। মেয়ে রিধিমা এবং ছেলে রণবীরই আয়োজন করেছিলেন সেই হাউস পার্টি। খবর রটে সেই পার্টিতে নাকি উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনের নাতি এবং শ্বেতা নন্দার একমাত্র ছেলে অগস্ত্য। সেখান থেকেই নাকি করোনা আক্রান্ত হয়েছেন নিতু-রণবীর।

আর এরই পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন রিধিমা। সেখানে তিনি স্পষ্ট লেখেন, ‘সবই কি প্রচারে আসার চেষ্টা? আগে সত্যি যাচাই করুন। আমরা সবাই সুস্থ আছি। ফিট আছি।’

এ দিকে অগস্ত্যারও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আর তাতেই কিছুটা স্বস্তিতে কাপুর ফ্যানেরা। শুধু নিতু-রণবীরই নন, গতকাল রটে গিয়েছিল হেমা মালিনীও নাকি করোনা আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ। তিনি নাকি ভর্তি রয়েছেন হাসপাতালেও। হেমা এবং মেয়ে এষা দু’জনেই জানান, ভুয়া খবর। তাদের পরিবারের সবাই ভালো আছেন, সুস্থ আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত