এবার পবিত্র ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না। ছুটি তিন দিনই থাকবে এবং এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। গতকাল সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদের সময় যে তিন দিন ছুটি আছে এই ছুটি আর বর্ধিত হবে না। যে যেখানে থাকবেন, যার যেখানে কর্মস্থল তিনি তা ত্যাগ করতে পারবেন না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে। আগামী ১ আগস্ট ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে। সে অনুযায়ী ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রবিবার) এবার ছুটি থাকবে। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর এই দুই ঈদের আগে ও পরের দিন থাকে নির্বাহী আদেশে ছুটি।
