যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামকে বনানীতে দাফন

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৪:০৫ পিএম

বিশিষ্ট শিল্পপতি যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

দাফনের আগে মঙ্গলবার বাদ জোহর যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এর আগে, সকাল ১১টার দিকে নুরুল ইসলামের মরদেহ যমুনা ফিউচার পার্কে আনা হয়। এসময় একমাত্র অভিভাবককে শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা।

গত ১৪ জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন করোনাভাইরাসে আক্রান্ত যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। সোমবার বিকেল ৩টা ৪০ মিনিটে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নুরুল ইসলাম ১৯৪৬ সালের ৩ মে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঢাকা জেলার দোহারে।

তার স্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম একজন সংসদ সদস্য। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করা সালমা ইসলাম জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা। এ দম্পতির সংসারে আছে ১ ছেলে ও ৩ মেয়ে।

নিজ যোগ্যতায় অল্পদিনেই নুরুল ইসলাম বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প উদ্যোক্তা হয়ে ওঠেন। তার প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ দেশের অন্যতম প্রধান ব্যবসায়ী গ্রুপ।

নুরুল দৈনিক যুগান্তর পত্রিকা প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি এটি প্রথম প্রকাশিত হয়। তার মালিকানাধীন যমুনা টেলিভিশনও দর্শকপ্রিয়তা পেয়েছে।

এশিয়ার সবচেয়ে বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, যমুনা নির্মাণাধীন মেরিয়টস হোটেলসহ শিল্প ও সেবা খাতে শীর্ষ স্থান ধরে রেখেছে গ্রুপটি।

ইলেকট্রনিকস, বস্ত্র, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, বেভারেজ টয়লেট্রিজ, নির্মাণ এবং আবাসন খাতে ব্যবসায় শীর্ষস্থানে রয়েছে এই গ্রুপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত