অর্থাভাবে গাড়ি বিক্রি করে দিচ্ছেন ভারতের দ্রুততম মানবী

আপডেট : ১৫ জুলাই ২০২০, ০১:১২ এএম

ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদ অলিম্পিক প্রস্তুতির খরচ সামলাতে নিজের লাক্সারি গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। দ্যুতি বর্তমানে ভারতের দ্রুততম মানবী। ১০০ মিটার স্প্রিন্টে জাতীয় রেকর্ডধারী তিনি।

গত শনিবার নিজের বিএমডব্লিউ গাড়ি বিক্রির কথা জানিয়ে ফেইসবুকে পোস্ট করেন দ্যুতি। ক্যাপশনে লিখেন, ‘আমি আমার বিএমডব্লিউ গাড়ি বিক্রি করতে চাই। যদি কেউ কিনতে আগ্রহী হন তবে ম্যাসেঞ্জারে আমার সঙ্গে যোগাযোগ করবেন।’ পরে অবশ্য পোস্টটি মুছেও দেন দ্যুতি।

রেডিফ ডটকমকে সোমবার দ্যুতি জানান, ‘অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েই এরকম পোস্ট করতে হয়েছে। এই বছর অলিম্পিক হলে ভিন্ন কথা ছিল। সবকিছু প্রস্তুতি নেওয়াই ছিল। তবে এক বছর পিছিয়ে যাওয়ায় এখন নিজের খরচ চালাতেই হিমশিম খাচ্ছি।’

এখন তার কাছে কোনো নগদ অর্থ নেই বলেও জানান দ্যুতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও তা মুছে দেওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কমেন্ট বক্সে অশালীন মন্তব্য জমা পড়ছিল। তাই ম্যানেজারের পরামর্শে পোস্ট ডিলিট করেন।

এদিকে টাইমস নাও-কে দ্যুতি বলেন, ‘চলমান মহামারির কারণে সব স্পোর্টস ইভেন্ট বাতিল হয়ে গেছে। অলিম্পিকের জন্য কোনো স্পনসরই আর নেই। আমার হাতে জমানো সব টাকা শেষ হয়ে গেছে। গত কয়েকমাসে একটাকাও উপার্জন করতে পারিনি। এই সময় নতুন করে কোনো স্পনসর আসবে না। তাই গাড়ি বিক্রি করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই আমার কাছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত