অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০৭:৪৯ এএম

টাঙ্গাইলের নাগরপুরে যৌতুকের দাবিতে সন্তান সম্ভবা এক গৃহবধূকে নির্যাতনের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ছয় মাস আগে বিয়ে হলেও শুধু ৫ লাখ টাকা যৌতুকের জন্য স্বামীর বাড়িতে যেতে পারছিলেন না ওই গৃহবধূ। নির্যাতনের ঘটনায় ওই গৃহবধূ গতকাল বুধবার সকালে থানায় অভিযোগ দিয়েছেন।

থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জালাই গ্রামের ওই নারীর বিয়ে হয় পার্শ¦বর্তী পাঁচআড়া গ্রামের সিরাজুল মোল্লার ছেলে শহীদুল ইসলামের সঙ্গে। বিয়ের পর গৃহবধূ স্বামীর বাড়িতে যেতে চাইলে বিভিন্ন টালবাহানায় স্বামী তাকে নিয়ে যেতে অপারগতা প্রকাশ করে। গৃহবধূ তার শ্বশুরবাড়ি যেতে স্বামী শহীদুলকে চাপ দিলে তখন তিনি ৫ লাখ টাকা দাবি করেন। এত টাকা দিতে না পারায় ওই গৃহবধূ তার স্বামীর বাড়ি যেতে পারছিলেন না। এরই মাঝে গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে গত সোমবার বিকেলে ওই গৃহবধূ স্বামীর বাড়ি গিয়ে উপস্থিত হলে স্বামী, শ্বশুর, শাশুড়ি মিলে তাকে অমানুষিক নির্যাতন করেন। নির্যাতন সইতে না পেরে একপর্যায়ে ওই গৃহবধূ পার্শ¦বর্তী শাহজাহানের বাড়িতে আশ্রয় নেন। আবার স্বামীর বাড়ি গেলে তাকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেন শ^শুরবাড়ির লোকজন। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বুধবার সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

স্বামী শহীদুল যৌতুকের বিষয়টি অস্বীকার করলেও মুঠোফোনে সাংবাদিকদের কাছে স্ত্রীকে মারধরের কথা স্বীকার করেছেন।

নাগরপুর থানার ওসি আলম চাঁদ বলেন, গৃহবধূর একটি অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত