করোনায় সাংবাদিক আবদুল্লাহ এম হাসানের মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৭:০৫ এএম

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আবদুল্লাহ মোহাম্মদ হাসান (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

সাংবাদিক আবদুল্লাহ মোহাম্মদ হাসান গত ৪ জুলাই করোনার উপসর্গ নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এরপর পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এলে তাকে প্লাজমা দেওয়া হয়। পাশাপাশি তার শরীরে বিভিন্ন জটিলতাও ছিল। তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আবদুল্লাহ মোহাম্মদ হাসান ১৯৪৮ সালে রংপুর শহরে জন্মগ্রহণ করেন। প্রায় পঞ্চাশ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বাংলাদেশ টাইমস, দি ডেইলি স্টার, দি ডেইলি সান, বাংলাদেশ টুডে, নিউ নেশন, দি টেলিগ্রাফসহ বিভিন্ন ইংরেজি সংবাদপত্রে কাজ করেন। আবদুল্লাহ এক দশকেরও বেশি সময় দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে বার্তা সম্পাদক ছিলেন। প্রয়াত সাংবাদিক এবিএম মূসা ছিলেন তার ভায়রা।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবদুল্লাহ মোহাম্মদ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত