পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের করোনাভাইরাস পরীক্ষার নমুনা বাড়িতে গিয়ে সংগ্রহের ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অদিধপ্তরকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশ প্রদান করা হয়। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ‘কভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ১৪তম সভার সুপারিশে জানানো হয় যে, প্রবীণরা কভিড-১৯ আক্রান্ত হচ্ছেন বেশি এবং বিভিন্ন কারণে তারা কভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের স্থানে যেতে সক্ষম হচ্ছেন না। এতে প্রবীণদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। এজন্য তাদের সহজভাবে অথবা বিশেষভাবে কভিড-১৯ পরীক্ষার ব্যবস্থা করা এবং সম্ভব হলে বাড়ি থেকে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা প্রয়োজন। এমতাবস্থায়, প্রবীণ (৫০ বছর থেকে বেশি) ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এর আগে গত ১০ জুলাই করোনাভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির ১৪তম অনলাইন সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত প্রস্তাবনার অংশ হিসেবে প্রবীণদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের জন্য সরকারকে পরামর্শ দেয় কমিটি।
