এ বছর চাকরি হারাতে পারে ২৫ কোটি মানুষ: মাইক্রোসফট প্রেসিডেন্ট

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৫:০০ পিএম

চলতি বছর বিশ্বব্যাপী ২৫ কোটি মানুষ চাকরি হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ। 

শনিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ব্রাড স্মিথ বলেন, চাকরির ক্ষেত্রে বিশ্ব এখন এক বিস্ময়কর চ্যালেঞ্জের মুখে। লাখ লাখ মানুষকে চাকরি পেতে, এমনকি যে চাকরি আছে সেটির সঙ্গে তাল মেলাতে তাকে নতুন দক্ষতা অর্জন করতে হবে। 

মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোম্পানির প্রধান জানান, অর্থনীতিতে ব্যাপক গতিতে ডিজিটালাইজেশন হচ্ছে। অনেক দেশে বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে অনেক কাজ এখনো ডিজিটালাইজশনের আওতার বাইরে।

তিনি বলেন, এমন বিশ্বে আমরা বাস করি, যেখানে ইন্টারনেট সেবার সমতা নেই। এটি নিয়ে যদি আমরা কিছু না করে তাহলে অন্য সব অসমতাগুলো আরও বেড়ে যাবে। যা নিয়ে আমরা সবাই চিন্তিত।

এই পরিস্থিতিতে এ বছর বিশ্বব্যাপী আড়াই কোটি মানুষকে দক্ষতা ও প্রশিক্ষণ দেওয়ার একটি পরিকল্পনা ঘোষণা করেছে মাইক্রোসফট।

মানুষকে প্রশিক্ষণ, দক্ষতা, সার্টিফিকেশন, এমনকি চাকরি খুঁজে পেতে সহায়তা করবে মার্কিন কোম্পানিটি। এই কাজে সহায়তা দিবে মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন।

ব্রাড স্মিথ বলেন, এর মাধ্যমে মাইক্রোসফট যদি আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে, তবে আমরা ভাবব, আমরা আমাদের কাজটি করতে পেরেছি।

এই কর্মসূচি বাস্তবায়নে অলাভজনক সংস্থাগুলোকে তাদের সেবা বিনামূল্যে ব্যবহারের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার অনুদান দেবে মাইক্রোসফট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত