দক্ষিণখানে গোসলখানায় ছুরির আঘাতে কিশোরী নিহত

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৯:০৯ এএম

রাজধানীর দক্ষিণখানে দুর্বৃত্তের ছুরির আঘাতে আলো আক্তার নামের এক কিশোরী নিহত হয়েছে। তার বয়স ১৭ বছর।

সোমবার সাড়ে ১০টার দিকে দক্ষিণখান দক্ষিণ পাড়া জামে মসজিদ গলির আ. কাদের সিদ্দিকীর ভাড়া টিনসেড বাড়িতে এই ঘটনা ঘটে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের ভগ্নিপতি ওমর ফারুক জানান, সোমবার রাতে আলো কারখানা থেকে বাসায় ফিরে বাইরে থাকা গোসলখানায় গোসল করছিল। হঠাৎ তার চিৎকার শোনা যায়। স্বজন ও প্রতিবেশীরা এসে দেখে আলো রক্তাক্ত অবস্থায় গোসলখানার ভেতর পড়ে আছে। এরপর স্থানীয় ফার্মেসি থেকে একজনকে ডেকে আনা হয়। তিনি জানান আলো মারা গেছে।

ওমর ফারুক আরও জানান, আলোর বুকে, পিঠে, পেটে ছুরির আঘাত রয়েছে। আক্রমণকারী সম্পর্কে কেউ ধারণা দিতে পারেননি।

দক্ষিণখান থানার উপ পরিদশর্ক (এসআই) আ. আজিজ জানান, রাতে কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সরকার বাড়ি এলাকার রবিউল ইসলামের মেয়ে আলো। পরিবারের সঙ্গে দক্ষিণ খানের ওই বাসায় ভাড়া থাকতো। স্থানীয় একটি প্যান্ট ওয়াশ কারখানায় চাকরি করতো। চার বোনের মধ্যে সবার ছোট ছিল আলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত