একনেক সভা

প্রকল্প বাস্তবায়নে বিলম্বে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৫:৫৬ এএম

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বিলম্বের বিষয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মনে করেন, এই বিলম্বের পেছনে সমন্বয়হীনতা ও বাস্তবায়নকারী সংস্থার সক্ষমতার ঘাটতি রয়েছে। বিষয়টি পর্যালোচনা করার জন্য পরিকল্পনা কমিশনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সমন্বয়হীনতা ও জটিলতা এড়িয়ে সময়মতো প্রকল্প বাস্তবায়নে আরও তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় সংযুক্ত হন। তার সভাপতিত্ব সভায় ১ হাজার ১৩৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ৬টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যয়ে সরকার দেবে ১ হাজার ২৮ কোটি ৫১ লাখ টাকা। বাকি ১০৮ কোটি ৩০ লাখ টাকা বিদেশি ঋণ।

বৈঠক শেষে শেরবাংলা নগরে নিজ কার্যালয় থেকে অনলাইন ব্রিফিংয়ে একনেক বৈঠকের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের সময় বৃদ্ধিসহ আরও কয়েকটি প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন। কী কারণে সময়মতো প্রকল্প বাস্তবায়ন হয় না এ বিষয়ে খোঁজ-খবর নিতে পরিকল্পনা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। সভায় বাস্তবায়নকারী সংস্থার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। বাস্তবায়নকারী সংস্থার পক্ষে কিছু কিছু ক্ষেত্রে সমন্বয়হীনতা ও জটিলতার কথা বলা হয়েছে। এসব সমন্বয়হীনতা এবং জটিলতা দূর করতে বলেছেন প্রধানমন্ত্রী। এছাড়া বিভিন্ন চরাঞ্চলে বাঁধ নির্মাণে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বাঁধ নির্মাণে যাতে একটি প্রকল্প করতে গিয়ে অন্য কাজের ক্ষতি না হয়। প্রকৃতির ইচ্ছার ওপর হাত দেওয়া যাবে না।

ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী জানান, কোথায়, কী কারণে প্রকল্প বাস্তবায়নে কী ধরনের সমস্যা হচ্ছে তা পর্যালোচনা করবে পরিকল্পনা কমিশনের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। তবে আইএমইডির কার্যক্রমে দুর্বলতারও কথা স্বীকার করেন মন্ত্রী। এম এ মান্নান বলেন, প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়নে দক্ষ লোকবলের সংকট আছে।

মন্ত্রণালয় থেকে প্রস্তাবিত প্রকল্পে অযৌক্তিক অতিরিক্ত ব্যয় পরিকল্পনা কমিশন কীভাবে অনুমোদন করছে এ প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পরিকল্পনা কমিশনে লোকবল সংকট আছে। এই সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প প্রস্তাব যাচাই-বাছাই করতে যত লোকের প্রয়োজন তার অর্ধেকও নেই এখন। এ কারণে প্রকল্প প্রস্তাবের প্রতিটি পাতা ভালো করে যাচাই করা সব সময় সম্ভব হয় না। এসব বিষয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে কথা বলা হবে। দায়ীদের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত