এক বছরের সংক্ষিপ্ত মেয়াদে ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। তার কোচিংয়ে দল উল্লেখযোগ্য সাফল্যও পায়। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে যথাযথ সম্মান বা সমর্থন পাননি কুম্বলে। যা ওই সময়ে ছিল বেশ আলোচিত ঘটনা।
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির পর দায়িত্ব থেকেই সড়ে দাঁড়ান কুম্বলে। জিম্বাবুয়ের পমি মবাঙ্গওয়ার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কথা বলার সময় ভারতীয় দলে নিজের কোচিং অধ্যায় নিয়ে কথা বলেছেন কুম্বলে। যতদিন কোচ ছিলেন, নিজের কাজ উপভোগ করেছেন বলেই জানান তিনি। তবে শেষটা ভালো হতে পারতো বলেও মন্তব্য করেন কুম্বলে।
১৩২ টেস্টে ৬১৯ উইকেট ও ২৭১ ওয়ানডেতে ৩৩৭ উইকেট নেওয়া কুম্বলে বলেন, ‘ওই এক বছরে আমরা সত্যিই ভালো খেলেছি। আমি খুশি দলের এমন সাফল্যে অবদান রাখতে পারায়। আমার কোনো আক্ষেপ নেই। ওখান থেকে সরে আসার সিদ্ধান্তও আমি খুশি মনেই নিয়েছিলাম।’
কিন্তু এরপরই বলছেন, ‘আমি জানি যে শেষটা আরও ভালোভাবে হতে পারত। তবে ঠিক আছে। একজন কোচ হিসেবে তোমার বোঝ উচিত কখন এগিয়ে যেতে হয়। কোচকেই উপলব্ধি করতে হয় কখন সরে যেতে হবে। আমি সত্যিই খুশি এক বছরে নিজের অবদান রাখতে পেরেছিলাম বলে।’
