রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে অস্ত্র পরীক্ষার অভিযোগ

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৬:১১ এএম

রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে অস্ত্র পরীক্ষার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দুটির দাবিÑরাশিয়া এমন এক ধরনের উৎক্ষেপকের পরীক্ষা চালিয়েছে, যেটি মহাকাশে স্যাটেলাইটে আঘাতের অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, তারা মহাকাশে রুশ যন্ত্রপাতি পরীক্ষা করার উদ্দেশে নতুন প্রযুক্তি ব্যবহার করছে। নতুন রুশ স্যাটেলাইটের কার্যক্রম নিয়ে আগেই যুক্তরাষ্ট্র প্রশ্ন তুলেছিল। তবে প্রথম যুক্তরাজ্য অভিযোগ তুলল বলে খবর দিয়েছে বিবিসি।

এমন সময়ে এই অভিযোগ উঠল যখন ব্রিটিশ পার্লামেন্টের নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটির (আইএসসি) এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যুক্তরাজ্যকে পশ্চিমা দুনিয়ার সবচেয়ে বড় লক্ষ্যবস্তুর একটি বলে মনে করে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড মস্কোর বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তুলে বলেন, ‘মস্কো যুক্তরাষ্ট্রের সামর্থ্যকে সীমিত করতে চায়। কিন্তু মহাকাশে তাদের নিজেদের কার্যক্রম সীমিত করার কোনো ইচ্ছা নেই।’

অন্যদিকে যুক্তরাজ্যের মহাকাশবিষয়ক অধিদপ্তরের প্রধান হার্ভে স্মিথ বলেন, ‘রাশিয়ার সাম্প্রতিক স্যাটেলাইটের চরিত্রগত বৈশিষ্ট্য অস্ত্রের মতো। এ ধরনের কার্যক্রম মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারকে ঝুঁকির মুখে ফেলে। এতে যেকোনো স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পৃথিবী যে মহাকাশের ওপর নির্ভরশীল, সেটিকেও ঝুঁকির মুখে ফেলতে পারে।’ তিনি রাশিয়াকে ‘দায়িত্বশীল’ আচরণ করার আহ্বান জানিয়ে পরবর্তীকালে এ ধরনের কার্যক্রম এড়িয়ে চলার অনুরোধ জানান।

রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ১০০টির বেশি দেশ মহাকাশসংক্রান্ত একটি চুক্তির অংশ, যে চুক্তি অনুযায়ী মহাকাশ শুধু শান্তিপূর্ণ কার্যক্রমের উদ্দেশ্যে ব্যবহার করা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত