সুন্দরবনের চাড়াখালী এলাকা থেকে পাচারের সময় ৩০ কেজি হরিণের মাংস, দুইটি মাথা, আটটি পা, হরিণ শিকারের ফাঁদ, কয়েকটি ধারালো অস্ত্র (দা) ও দুইটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ইনচার্জ মো. আজাদ কবির জানান, রবিবার ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বনের চাড়াখালী এলাকায় অভিযান চালায় বন প্রহরীরা। এ সময় ওই এলাকা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় বন প্রহরীরা দুইটি নৌকাকে চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা চোরা শিকারিরা লাফিয়ে বনের গহিনে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে চোরা শিকারিদের ফেলে যাওয়া দুইটি নৌকায় তল্লাশি চালিয়ে জবাইকৃত দুইটি হরিণের ৩০ কেজি মাংস, দুইটি মাথা, আটটি পাসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
বন কর্মকর্তা আজাদ কবির বলেন, জব্দকৃত মালামাল রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে না পারলেও এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ৪ জুলাই করমজল সংলগ্ন চিলা এলাকা থেকে ১৫ কেজি হরিণের মাংস, একটি মাথা ও একটি নৌকা জব্দ করে বনপ্রহরীরা।
