কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাড়ে ৩ হাজার দরিদ্র শিশুর জন্মদিন পালন করা হয়েছে।
গতকাল সোমবার ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির আয়োজনে কমলকুঁড়ি বিদ্যানিকেতন হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জন্মদিনের এ অনুষ্ঠান হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সোহাগ হাওলাদার প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, পার্থ সারথী দোবে, মনরঞ্জন বাড়ৈ, আলবার্ট সরকার, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস বক্তব্য দেন।
অনুষ্ঠানে আসা স্কুলছাত্র অজিত বাড়ৈ বলে, জন্মদিনের অনুষ্ঠান কী, এটা আমাদের আগে জানা ছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।
ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভীয়া ডেইজী অনুষ্ঠানে আগত শিশুদের অঙ্গীকার করান, তারা যেন বড় হয়ে বিদ্যাবুদ্ধি দিয়ে দেশ ও সমাজের উন্নয়নের জন্য কাজ করে।
